পিস্তল চুরি, গাজীপুরে এসআই বরখাস্ত
পিস্তল চুরি যাওয়ার ঘটনায় গাজীপুরে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত এ কথা জানান।
এসআই সুমন কাপাসিয়া থানায় কর্মরত ছিলেন।
কাপাসিয়া থানার ওসি আবু বকর বলেন, এসআই সুমন কাপাসিয়া থানার অদূরে পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় সস্ত্রীক ভাড়ায় থাকেন।
“দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যান। রোববার সকালে তিনি বাসায় ২৪ রাউন্ড গুলি ভরতি পিস্তলটি রেখে ঘরে তালা দিয়ে পুলিশ লাইনে রেশন আনতে যান। সেখান থেকে ফিরে দেখেন তার ঘরের দরজা খোলা ও লকার থেকে পিস্তলসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।”
এ ঘটনায় সুমন থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সুমকে সাময়িক বরখাস্ত পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাশেল শেখকে প্রধান করে তিন সদস্যের কমিটিও হয়েছে।”
