২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে মারধর, এসআই বরখাস্ত

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারধর ও হুমকি দেওয়ায় পুলিশের এক উপ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 07:20 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

জেলার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, রোববার রাতে এসআই রমজান আলীকে সাময়িক বরখাস্তের পর প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রমজান সাতক্ষীরা সদর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধাকে মারধর ও আহত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আহত আব্দুর রশিদ (৭৫) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রশিদ বলেন, সদরের রসুলপুর গ্রামে ১৫ শতক জমির উপর ঘর নির্মাণ করে পরিবার নিয়ে থাকেন তিনি। সম্প্রতি একই এলাকার মুন্না ওই জমির দখল নিতে থানায় একটি অভিযোগ করেন।

“এরপর শনিবার পুলিশ আমার ছেলে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে সন্ধ্যায় আবার ছেড়ে দেয়। পরে ওই দিন রাত ১২ টার দিকে মুন্না ও মিলন হোসেন এবং সদর থানার এসআই রমজানেরন নেতৃত্বে ১০/১২ জন পুলিশ বাড়িতে এসে আমাদের মারধর করে।

“বেশি বাড়াবাড়ি করলে জামায়াতের মামলায় ঢুকিয়ে দেওয়া ও বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেন এসআই রমজান।”

এ ঘটনা পর পুলিশ সুপার তাকে ডেকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন বলেও জানান এ মুক্তিযোদ্ধা।