২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বহিরাগতদের গুলিতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সাভারের সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 04:14 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

সোমবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক গোলাম নবী শেখ।

নিহত সিফাত হোসেন (২৩) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

তাছাড়া পিঠে গুলিবিদ্ধ একই বিভাগের ছাত্র বাসুদেব পালকে (২৪) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

সংঘর্ষের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিরুলিয়া-চারাবাগ সড়কে কাঠের টুকরায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ভাংচুর করেছে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এক ছাত্রীর সঙ্গে প্রেম নিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির ঝগড়া হয়।

সেই ঝগড়ার সূত্র ধরে দুপুরে শাহেদের অনুসারীদের উপর বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা হামলা করে। তখন তাদের গুলিতে সিফাত ও বাসুদেব আহত হয় দাবি শিক্ষার্থীদের।

পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণ করেন।

 

বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই ছাত্রের দ্বন্দের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নেতৃত্বদানকারী শিক্ষার্থী বাপ্পীর বাড়ির আশুলিয়ার কাঠগড়া এলাকায়।”

বিরুলিয়া ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। কয়েকটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েও দিয়েছে তারা।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী শেখ বলেন, গুলিবিদ্ধ হয়ে এক ছাত্র নিহত হওয়া পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার পর্যন্ত সিটি ইউনিভার্সিটির বিরুলিয়া ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিরুলিয়া ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়টির আবাসিক মেডিকেল অফিসার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে বিরুলিয়া ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ মধে্যে চারটি হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।”