২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে সেতুর গার্ডার ধসে সিলেটের পথে রেল বন্ধ

চালু হওয়ার দুইদিন পর আরেকটি রেল সেতু গার্ডার ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার বন্ধ হয়ে গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 03:47 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ের ১৪১ নম্বর সেতুর তিনটি গার্ডার ধসে যাওয়ায় বুধবার বেলা আড়াইটা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, শ্রীমঙ্গল ও সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী জিলাতপুর এলাকায় মহিশমারা রেল সেতুর অস্থায়ী তিনটি গার্ডার ধসে গেছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন রশিদপুর স্টেশনে ও সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা ট্রেন ভানুগাছ ও ডেমু ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে বলে জানান সাখাওয়াত।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আলী আজম বলেন, বেশ কিছুদিন ধরে জিলাতপুর এলাকায় রেলওয়ের ১৪১ নম্বর সেতুর মেরামত কাজ করা চলছিল।

“মঙ্গলবার রাত ও বুধবার সকালে ভারী বর্ষণে সেতুর তিনটি অস্থায়ী গার্ডারের নিচের মাটি সরে দেবে যায়।”

লাইনম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে ওই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

সেতুর মেরামত কাজ শেষ করতে সময় লাগবে বলে রেলওয়ের এ প্রকৌশলী।

এর আগে গত ২৯ মার্চ বৃষ্টির পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজের নিচে মাটি সরে যায়।

পরদিন সেখানে মেরামতের সময় একটি পিলার ধসে গেলে সারাদেশে সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। চারদিন পর সোমবার ফের রেল চলাচল স্বাভাবিক হয়েছিল।