২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গুলিতে মোটর সাইকেল আরোহী যুবক আহত

যশোরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী এক তরুণ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 12:28 AM

Updated : 19 Aug 2022, 04:13 PM

রোববার রাত ১০টার দিকে জেলা শহরের শঙ্করপুর মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আহত সাকিব হোসেনকে (২৪) জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম কানের নিচে গুলি লেগেছে।

কারা কী কারণে গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে উদঘাটন করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিবসহ তিনজন বাস টার্মিনালের দিক থেকে একটি মোটর সাইকেলে চড়ে শহরের দিকে আসছিলেন। সাকিব মাঝে বসে ছিলেন।

শঙ্করপুর মহিলা মাদরাসার কাছে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়া সাকিবকে ফেলেই অন্য দুজন চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সাকিব হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি শহরতলীর চাঁদপাড়ার ইমান আলীর ছেলে। যশোর কলেজে ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র। তাকে বহনকারী মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সেতু নামে তার এক বন্ধু। পেছনে বসে ছিলেন আরেক বন্ধু পিয়াস।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, “সাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।”

গুলির খবর শুনে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সরোয়ার।

তিনি সাংবাদিকদের বলেন, “কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ অনুসন্ধানে নেমেছে।”