আশুলিয়ায় আ. লীগ কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিহত ছোট ভাই সুমন পণ্ডিত মামলাটি দায়ের করেন বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) একেএম শামীম হাসান জানান।
“মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১২/১৩ জনকে আসামি করা হয়েছে।”
বুধবার ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন।
পরিদর্শক শামীম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে কুড়গাঁও এলাকা থেকে ওই হত্যায় জড়িত সন্দেহে পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল রহমান সোহাগকে গ্রেপ্তার করা হয়।
নিহতের ভাইয়ের করা মামলায় সোহাগ ছাড়া ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আওয়ামী লীগ কর্মী সজীব, শরীফ হোসেন, হাবিব মিয়া, হাসুসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
