গাইবান্ধায় চিকিৎসক হত্যায় ‘রাজীব গান্ধীর’ জবানবন্দি
গাইবান্ধার পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটি হত্যা মামলায় হলি আর্টিজানে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জয়নাল আবেদীনের আদালতে তিনি এ জবানবন্দি দেন বলে অতিরিক্ত পিপি আবু আহম্মেদ আবদুল্লাহ জানান ।
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে ২০১৫ সালের ২ জুন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ঈদগাহ মাঠ এলাকায় গুলি করে হত্যা করা হয়।
ওইদিনেই পলাশবাড়ী থানায় হত্যা মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্ত ভার পায় সিআইডি। ওই মামলায় রাজীব গান্ধীকে গত ২৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ।
অতিরিক্ত পিপি আবদুল্লাহ বলেন, “রিমান্ডে এক পর্যায়ে রাজীব গান্ধী আদালতে হাজির করা হলে তিনি পল্লী চিকিৎসক ডিপটি হত্যায় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।”
গত বছর ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন মারা যান। সেখানে সশস্ত্র বাহিনীর উদ্ধার অভিযানে ৫ হামলাকারীসহ মারা যান আরও ছয়জন।
এই হামলার ‘অন্যতম পরিকল্পনা’সহ ২২টি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তার বাবার নাম ওসমান গণি মণ্ডল মুন্সি।
চলতি বছর ১৪ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া ৩৩ বছর বয়সী রাজীব মো. জাহাঙ্গীর আলম, নাছির, রাজীব গান্ধী, সুভাষ, জাহিদ, জাকির, আদিল, টাইগার, আবু ওমর আল বাঙ্গাল নামেও পরিচিতি।
