২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৩০ ডাকাতের কারাদণ্ড

সিরাজগঞ্জে মহাসড়কে বাস থেকে অস্ত্রসহ যাত্রীবেশী ডাকাত গ্রেপ্তারের মামলায় ৩০ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 04:04 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

বুধবার দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্র্যাইব্যুনাল আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহ আলম (২৮), বীর অলোয়া গ্রামের রঞ্জু খাঁ (২৫), নাসির আলী শেখ (৩৫), কামরুল হাসান (২৩), সাজু মিয়া (২৫), আমজাদ হোসেন বাপ্পী (২৭), জাহাঙ্গীর আলম গাজী (২৭), আল আমিন, আলামিন মোল্লা, লিটন হোসেন, আলামিন, সবুজ হোসেন, ফজলুর রহমান, মোহর আলী, স্বপন আলী, সাগর আলী, সবুজ বিশ্বাস, শামীম হোসেন, শফিকুল ইসলাম, রুবেল হোসেন, আলামিন, ওয়ারিশ ব্যাপারী, ইখতিয়ার রহমান, বাবুল, সোহেল রানা, সুমন ইসলাম, বশির মোল্লা, মিলন হোসেন, মিলন প্রামানিক ও আব্দুর মান্নান খান।

রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি শামসুল আলম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের চারমাথা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল দীর্ঘদিন ধরে বাসে যাত্রী উঠিয়ে ডাকাতি করে ফাঁকা জায়গা তাদের বাস থেকে নামিয়ে দিত। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি এমনই একটি বাসে যাত্রী তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তা আটক করে পুলিশে খবর দেয়।

“পুলিশ এসে বাসে তল্লাশি করে রামদা. হাসুয়া ও ধারালো ছুরিসহ ২৫ ডাকাতকে আটক করে।”

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে ৩০ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ৩০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

অতিরিক্ত পিপি বলেন, ওই মামলায় অস্ত্র আইনের ধারায় এ রায় হয়েছে। ডাকাতির ধারার বিচার কাজ এখনও চলছে।