নির্বাচন সামগ্রী যাচ্ছে দিরাই-শাল্লার ভোটকেন্দ্রে
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর শূন্য আসনের উপ-নির্বাচনে ভোটের আগের দিন প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী ভোটকেন্দ্রে পাঠানোর কাজ শুরু হয়েছে সুনামগঞ্জের দিরাই-শাল্লায়।
দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বুধবার বেলা ১২টা থেকে প্রতিটির ভোটকেন্দ্রের পোলিং অফিসারকে দিরাই উপজেলা কার্যালয় থেকে ব্যালট পেপার, সিল, ভোটবাক্সসহ নির্বাচনের সব সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।
উপ-নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী হলেন - সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন।
নির্বাচন কর্মকর্তা হাফিজুর বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট উপলক্ষে প্রশসান কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে। দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লা উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
“সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর ৩২৫৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। পুলিশ ১৩৭০, র্যাব ১৩৭, বিজিবি ১২০, আনসার ব্যাটলিয়ন ৫০, এপিবিএন ৪০ ও ১৫৪০ জন আনসার সদস্য নির্বাচনের মাঠে কাজ করবেন। তারা প্রতিটি কেন্দ্রে ১০ জন করে থাকবেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের ভ্রাম্যমাণ দল মাঠে কাজ করবে।”
নির্বাচন কর্মকর্তা জানান, এ আসনটিতে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২২৮ আর নারী ১ লাখ ২৬ হাজার ২০২ জন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রের ৫০২টি কক্ষে ভোট নেওয়া হবে বলে তিনি জানান।
