২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

শেরপুরের ঝিনাইগাতীতে দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2017, 03:33 PM

Updated : 11 Apr 2022, 11:14 PM

মঙ্গলবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আছমা আক্তার (৪০) শ্রীবরদী উপজেলার গোপালখিলা দীয়ারপাড় গ্রামের আজিজুর রহমানের মেয়ে।

একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠাণ্ডু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০১৪ সালের ১৪ জুলাই সকালেস্বামী সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আছমা। এ সময় স্বজন ও প্রতিবেশী তাকে আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে ওই দিনই ছেলে মো. হারুন উর রশীদ বাদী হয়ে মামলাকরেন। একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।