এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর মানবাধিকারকর্মী গ্রেপ্তার
যশোরের পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হয়েছেন মানবাধিকার সংগঠন ‘রাইটসের’ নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
কোতোয়ালি থানার ওসি মো.ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারণার একটি মামলায় বিনয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিনয় কৃষ্ণ মল্লিক 'দৈনিক টেলিগ্রাম' নামে একটি সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক। তিনি যশোর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ‘খাস জমি বন্দোবস্ত নিয়ে বসবাস করাদের অন্যায়ভাবে’ উচ্ছেদ করেছেন দাবি করে সোমবার সকাল ১১টার দিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন বিনয়।
এর আট ঘণ্টা পর জেলা শহরের ঘোপ নওয়াপাড়া রোডে বিনয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিনয়ের ছেলে শ্যামল মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ১৫ জন পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের বাড়িতে এসে বাবাকে গালিগালাজ করে মাইক্রোবাসে করে নিয়ে যায়।”
প্রথমে বিনয়কে গ্রেপ্তারের কথা অস্বীকার করলেও রাত ১০টার দিকে ওসি ইলিয়াস বলেন, “প্রতারণার অভিযোগে নরসিংদীতে দায়ের হওয়া একটি মামলায় বিনয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।”
বিনয়কে নরসিংদী নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে এ নিয়ে কথা বলতে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পুলিশ সুপার আনিসুরকে পাওয়া যায়নি।
