২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ার বানর খাঁচায় রাখার রিসোর্টকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া বনের বানর খাঁচায় আটকে রাখায় একটি রিসোর্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 09:05 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

রোববার বিকালে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল এ আদালত পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে লাউয়াছড়া বনের পাশের ‘লেমন গার্ডেন রিসোর্টে’ অভিযানে গিয়ে একটি বানর খাচাঁর ভেতর দেখতে পাই। কর্তৃপক্ষ লাউয়াছড়া বন থেকে আসা বানরটি পোষার জন্য খাচাঁয় রেখেছে বলে স্বীকার করে। তাদের ২০ হাজার টাকা জরিমানা করে বানরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

এছাড়াও পলিথিন বিক্রি,লাইসেন্স ছাড়া ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী কমিশনার বিশ্বজিৎ।

অভিযানে সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধুসহ প্রশাসন অন্যরা উপস্থিত ছিলেন।