কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ২
কুড়িগ্রামের একটি বাস কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার মিরপুর উপজেলার সাতমাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত সবার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়।
নিহতরা হলেন - আব্দুল মজিদ খলিফা (৬০) ও ওমেদ আলী (৫৫)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল জব্বার বলেন, কুড়িগ্রাম থেকে একটি ৫২ সিটের বাসে করে অর্ধশতাধিক যাত্রী পিরোজপুরের ফুরফুরা শরিফের একটি মাহফিলে যাচ্ছিলেন।
“সাতমাইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে উল্টে পড়ে। এলাকাবাসী বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”
আহতদের মধ্যে ৪৭ জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসাধীন আহত কয়েকজন বলছেন, চালক হঠাৎ ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।
