২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে বৃদ্ধার লাশ

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 02:28 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

কোতোয়ালি থানার এসআই বিপুল দে জানান, শুক্রবার সকালে ৬০ বছর বয়সী সূর্য বেগম নামের এই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত সূর্য বেগম ছিলেন ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের মনছের শেখের স্ত্রী।

এসআই বিপুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূর্য বেগম তার এক রোগীকে দেখাশোনার জন্য গত রোববার হাসপাতালে যান।

“মঙ্গলবার রাত ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর থানায় জিডি করেছিলেন। শুক্রবার সকালে স্থানীয়রা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।”

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, পুলিশের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লিফট সরিয়ে সূর্য বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন এসআই বিপুল।