২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই লাশ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে থেকে এক নিরাপত্তা কর্মী ও অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 12:50 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

সাভার মডেল থানার এসআই মো.আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর রাজাশন ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি এলাকা থেকে শুক্রবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। 

নিহত আমির হোসেন (৫৩) ভোলার সদর থানার চরপাংশাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স ২৮ বছর বলে ধারণা করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এসআই আসাদুজ্জামান বলেন, রাশিয়া প্রবাসী শাহা আলমের বাড়িতে প্রায় তিন বছর ধরে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন আমির। ছয়তলা ওই বাড়ির নিচ তলায় একটি ঘরে একাই থাকতেন তিনি।

“সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমিরের লাশ উদ্ধার করা হয়।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয় ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এসআই আসাদুজ্জামানের ধারণা।

তিনি বলেন, “সকালে রাস্তার পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।”

লাশ সাভার থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।