এই কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।
দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভায় সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আগামী নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মানি না মানবো না এটি বিএনপির ভাঙা রেকর্ড। এ রেকর্ড বাজিয়ে আর লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে।”
বর্তমান নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, এ কমিশনের অধীনে সকল নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যেই কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।
আব্দুল জলিলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের বর্তমান এ সাধারণ সম্পাদক বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাংগঠনিক, মানবদরদী এবং বিনয়ী। তাকে নওগাঁর মানুষ যে কত ভালোবাসেন এই স্মরণসভায় হাজার হাজার নারী পুরুষের ঢল তাই প্রমাণ করে।
তা নাহলে এই প্রখর রোদের মধ্যে দুঃসহ গরম সহ্য করে এত মানুষ মাঠে বসে থাকতে পারতো না। মন্তব্য করে তিনি বলেন, “মৃত্যুর পরও মানুষ তাকে হৃদয়ের মাঝখানে রেখেছেন।”
আব্দুল জলিলের আদর্শ অনুসরণের পরামর্শ দিয়ে তিনি নেতাদের বলেন, অন্যের জমি দখল করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না।
এ সময় তিনি নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত, ও সান্তাহার-নওগাঁ- চৌমাশিয়া সড়ক প্রশস্তকরণ কাজসহ জেলার অন্যান্য কয়েকটি সড়ক নির্মাণে ঘোষণা দেন।
শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য খাইরুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম, ছলিম উদ্দিন তরফদার।
স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা নির্মল কৃষ্ণ সাহা, শাকিল আহমেদ বাদল, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, খোদাদদ খান পিটু, ওমর ফারুক সুমন ও আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন, শাহনাজ মালেক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
স্মরণসভার আগে আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন ওবায়দুল কাদের।
