উত্তরে আরও ১০ ফুট নিচে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর
উত্তরাঞ্চলে গত দুই বছরের গড়ে আরও ১০ ফুট নিচে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর। সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৮টি এলাকা।
বরেন্দ্র অঞ্চল গবেষণা সংস্থা ডাসকো ফাউন্ডেশন পরিচালিত সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার যেসব এলাকা সংকটাপন্ন বলে চিহ্নিত হয়েছে সেসব জায়গায় গত দুই বছরে পানির স্তর নেমে গেছে ৮ থেকে ১২ ফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চলতি বছর ফেব্রুয়ারিতে ওই সব অঞ্চলের ১০০টি পয়েন্টে বোরিং করে এ তথ্য পাওয়া গেছে।
“এর মধ্যে রয়েছে ১৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা। আর অধিক সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নকে।”
পানি উঠছে না চাপকলে
তিনি বলেন, বাধাইড় ইউনিয়নের ঝিনাইখোর এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পানির স্তর ছিল ৯৯ ফুট নিচে। চলতি বছর ফেব্রুয়ারিতে সেখানে পানির স্তর পাওয়া গেছে ১১১ ফুট ৯ ইঞ্চি নিচে।
“আর চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পানির স্তর ছিল ১০১ ফুট নিচে। চলতি বছর ফেব্রুয়ারিতে সেখানে পানি পাওয়া গেছে ১০৮ ফুট ৯ ইঞ্চি নিচে।”
এক যুগ আগে এসব এলাকায় ৬০ থেকে ৯০ ফুট নিচে পানির স্তর ছিল বলে জানান জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, চূড়ান্ত প্রতিবেদনে এসব এলাকা থেকে গভীর নলকূপের পানি দিয়ে বোরো আবাদ দ্রুত বন্ধ করার সুপারিশ করা হবে।
বন্ধ হয়ে গেছে রাজশাহীর তানোর উপজেলার ধুরইড়ের এই গভীর নলখুপটি
জাহাঙ্গীর আরও বলেন, তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে বিএমডিএর ৭০টি গভীর নলকূপ রয়েছে, যা ২০ বছর ধরে দুই হাজার হেক্টরের বেশি জমিতে সেচ সুবিধা দিয়ে আসছে।
“এর মধ্যে ২০১৫ সালে বৌদ্ধপুর মৌজার একটি গভীর নলকূপ পানির অভাবে বন্ধ হয়ে যায়। আর কম পানি ওঠে বা নাজুক অবস্থায় রয়েছে আরও ২৫টির বেশি গভীর নলকূপ।”
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে বিএমডিএর ১১৩টি গভীর নলকূপ রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব গভীর নলকূপের আওতায় প্রায় ২৭০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হত।
“ইতোমধ্যেই পানি না ওঠায় ১২টি গভীর নলকূপ বন্ধ হয়ে গেছে।”
ঝিলিম ইউনিয়নে ৩২টি অটো রাইস মিল রয়েছে জানিয়ে জাহাঙ্গীর বলেন, প্রতিটি মিলে রয়েছে তিন থেকে চারটি করে গভীর নলকূপ।
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমে অবস্থিত এম রহমান রাইস মিল।
“অটো রাইস মিলের একটা গভীর নলকূপ থেকে যে পরিমাণ পানি ওঠে তা দিয়ে ৬০০ বিঘা জমিতে আবাদ করা যায়।”
ঝিলিম ইউনিয়নের জামতলার নওহাটা গ্রামের গভীর নলকূপ অপারেটর কাবা আলী বলেন, তার গভীর নলকূপে ছয়-সাত বছর আগে যে পরিমাণ পানি উঠত তা দিয়ে ১৫০ বিঘার বেশি জমিতে সহজেই সেচ দেওয়া যেত।
“বর্তমানে যে পানি উঠছে তা দিয়ে ৩৫ থেকে ৪০ বিঘার বেশি জমিতে সেচ দেওয়া সম্ভাব হচ্ছে না।”
তানোরের বাধাইড় ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের গভীর নলকূপ অপারেটর আব্দুল আজিজ জানান, ২০১০ সাল থেকে তার গভীর নলকূপে পানি কমতে থাকে।
“আর ২০১৫ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমার এলাকায় ২০০ বিঘার বেশি জমি পতিত পড়ে আছে পানির অভাবে।”
