নাটোরে স্ত্রী হত্যায় যুবকের ফাঁসির রায়
বিয়ের তিন মাসের মাথায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে নাটোরের এক যুবকের প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কাজল কুমার সরকার (২৩) বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার কালিকাপুর মহল্লার সুশেন চন্দ্র সরকারের ছেলে।
একইসঙ্গে আদালত তার সম্পদ বিক্রি করে সেখান থেকে এক লাখ টাকা স্ত্রীর বাবা-মাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান আদালতের এপিপি এ কে এম শাহজাহান কবীর।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া গ্রামের সদানন্দ চন্দ্র পালের মেয়ে মীনা রানী পালকে (১৮) বিয়ে করেন কাজল।বিয়ের কিছুদিন পর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা যৌতুক দাবি করে আসছিলেন কাজল।
“পরে ২০১৫ সালের ১২ অক্টোবর মীনার বাবাকে ফোনে জানানো হয় তার মেয়ে দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে তারা এসে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে মেয়ের মৃতদেহ দেখতে পান।”
মেয়ের গলায় আঘাতের চিহ্ন দেখে সদানন্দ চন্দ্র বাদী হয়ে ওইদিনই বড়াইগ্রাম থানায় কাজল কুমার সরকারের বিরুদ্ধে মামলা করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান এপিপি।
তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
