‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরে ধ্বনি-প্রতিধ্বনি’
‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরে ধ্বনি-প্রতিধ্বনি’ স্লোগানে নোয়াখালী আবৃত্তি একাডেমি উদযাপন করল তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কুমিল্লা অঞ্চল সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষকে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জাগিয়ে তুলতে গিয়ে অতীতে আবৃত্তিশিল্পীদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবু অনিয়ম-অসঙ্গতি ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে আবৃত্তিশিল্পীদের কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে।
অন্য আয়োজনের মধ্যে ছিল উদ্বোধনী আবৃত্তি, যৌথ আবৃত্তি, একক আবৃত্তি, নৃত্য, ঢোলের বাদন, ফানুস ওড়ানো ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান।
প্রধান অতিথির বক্তব্যে জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘মানুষের প্রাণে প্রাণে সত্য সুন্দরে ধ্বনি-প্রতিধ্বনি’ বেজে উঠলে সমাজে অন্যায়-অনিয়ম-অসঙ্গতি আর থাকবে না।
“সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আবৃত্তিশিল্পীদের এগিয়ে আসতে হবে। মানুষকে আলোর পথ দেখাতে হবে। আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে।”
আরও ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নোয়াখালীর সভানেত্রী মিসেস নাসরিন লায়লা শরীফ, নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার, জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, লক্ষ্মীপুর আবৃত্তি একাডেমির সভাপতি মাসুম জিহাদী, নোয়াখালী প্রেসক্লাবের অ্যাডহক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু, শামীমা হাসনাত ঝুমুর, মনিরুজ্জামান মনির, নাজমুল হাসান, ওমর ফারুক, আবৃত্তিশিল্পী নাহিদ নাজিয়া, শারমিন লিজু, ফয়সুল ইসলাম রূপম প্রমুখ।
