ছেড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে আটক নারীকে
বগুড়ার সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল থেকে আটক সেই নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান জানিয়েছেন আদমদিঘী থানার ওসি শওকত কবীর।
সান্তাহার স্টেডিয়ামে রোববার বিকালে প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে আটক করা হয় ফারহানা হায়দার মল্লিককে (৩৫)।
ফারহানা ঢাকার মহানগরের একটি ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদিকা বলে দাবি করেছে বলে জানিয়েছেন ওসি।
ওসি শওকত বলেন, প্রধানমন্ত্রীর সুনজর ও আর্শীবাদ পেতে নিরাপত্তা বেষ্টনি পার হয়ে মঞ্চে চলে যান বলে দাবি করেছেন ফারহানা। থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ শেষে এসএসএফের নির্দেশে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী রোববার সান্তাহারে সৌরবিদ্যুৎ সুবিধাসহ ২৫ হাজার টন ধারণ ক্ষমতার বহুতল খাদ্য গুদামসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। বিকালে সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন তিনি।
ভাষণ শেষে সভামঞ্চ ত্যাগ করার সময় ফারহানা নিরাপত্তা বেষ্টনি পার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চলে এলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনসভায় ভাষণ দিয়ে শেখ হাসিনা মঞ্চ থেকে নামার পরপরই ওই নারী হঠাৎ সামনে এসে পড়েন। তিনি শেখ হাসিনার পা জড়িয়ে কেঁদে ওঠেন। প্রধানমন্ত্রী তখন তাকে সান্ত্বনা দিয়ে চলে যান।
“কিন্তু এই নারীকে কেউ চিনতে পারছিল না। স্থানীয় নেতাদের কাছে জানতে চাইলে তারাও চেনেন না বলে জানান। তখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা।
তবে ফারহানা বলেছেন, তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকার হায়দার মল্লিকের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি ঢাকায় বসবাস করেন।
