মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার অভিযোগ গঠন পেছাল
মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের মামলার অভিযোগ গঠনের উপর শুনানি পিছিয়েছে।
সোমবার নির্ধারিত দিনে অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন আগামী ২৮ মার্চ অভিযোগ গঠনের উপর পরবর্তী দিন রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান।
তিনি বলেন, সোমবার অভিযোগ গঠন ও তিন আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদনের শুনানি ছিল।বাদীসহ সবাই যথা সময়ে আদালতে উপস্থিতও ছিলেন।
“কিন্তু বিচারক আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানির দিন রেখেছেন।”
আসামি পক্ষের আইনজীবী রাসেদ মাহমুদ শাহিন বলেন, মামলার অভিযোগপত্রভুক্ত ১৭ আসামির মধ্যে ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু এক আসামি অন্য মামলায় কারাগারে থাকায় বিচারক শুনানি না করে পরবর্তী দিন রেখেছেন।
এদিকে ফরিদ ও সুমন নামে মামলার আরও দুই আসামি সোমবার আদালতে অব্যাহতি চেয়ে আবেদন করেছে।
তিনি বলেন, বার-বার মামলার দিন পরিবর্তন হওয়ায় তিনি হয়রানির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হয়। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক পক্ষের নেতা কামরুল ভূইয়ার ভাবি অন্তঃসত্ত্বা নাজমা বেগম। পরদিন গুলির ক্ষত নিয়েই জন্ম হয় তার শিশু।
এ ঘটনায় ২৫ জুলাই মোমিন ভুইয়ার ছেলে রুবেল ছাত্রলীগ নেতা সুমন সেনকে প্রধান আসামি করে সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন এরই মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
তদন্ত শেষে এজাহারভুক্ত এক আসামির নাম বাদ ও নতুন তিন জনের নাম যোগ করে পরবর্তীতে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
