ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন বন্দিরা: স্বরাষ্ট্রমন্ত্রী
কারাবন্দিরা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
কারা সপ্তাহ উপলক্ষে রোববার দুপুরে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমাদের সরকার কারা বিভাগের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। যার ফলে আজ কারা বিভাগ অনেক আধুনিকায়ন হয়েছে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় কারাবন্দিদের মোবাইল ও টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে।”
তাছাড়া স্পর্শকাতর বন্দিদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এক সময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে পরিগণিত হতো। সময়ের পরিক্রমায় বাংলাদেশ জেল তার পূর্বে ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন পথের দিকে ধাবিত হচ্ছে।
“আজ বাংলাদেশ জেলের সদস্যরা কারাবন্দিদের সংশোধন করে সমাজের পুনর্বাসন করার চেতনা ধারণ করে কারা সাপ্তাহ উদযাপন করছে।”
সরকারি অন্যান্য পোশাকধারী সংস্থার মর্যাদা ও পদোন্নতির সঙ্গে সামঞ্জস্য খতিয়ে দেখে কারা বিভাগের গ্রেড উন্নতির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, নারায়নগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ কারা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কারাগার প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। মন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী সেরা জেল ও বিভাগকে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করেন।
পরে তিনি কারা রক্ষীদের শারীরীক কসরত, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন, রক্তদান কর্মসূচির উদ্বোধন, প্রিজন পপুলেশন স্ট্যাটিস্টিকস ২০১৭ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ দরবারে অংশ নেন।
