গাজীপুরে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে এক বছর আগে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল সাত্তার (৩৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার মো.ইব্রাহিমের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহম্মদ জানান, আব্দুল সাত্তার ও তার স্ত্রী হাসিনা গাজীপুর নগরীর শাহজাহান ড্রাইভারের বাড়ি ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গত বছরের ৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কারখানার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানা থেকে বাসা ফেরার পথে নিখোঁজ হন তিনি।
পিপি জানান, পরদিন সকালে টেক নগরপাড়া (পলানটেক) এলাকায় আব্দুস সাত্তারের পতিত জমিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাসিনার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
এ ঘটনায় ৭মার্চ নিহতের ভাই মো.রাজ্জাক বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
হারিছ উদ্দিন জানান, মামলার পর জয়দেবপুর থানার এসআই মো.শহীদুল্লাহ নিহতের বাড়িওয়ালার ছেলে মকবুল হোসেন (৩৬) ও স্বামী আব্দুল সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পরে আব্দুল সাত্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে অভিযোগপত্র থেকে মকবুল হোসেনের নাম বাদ দেওয়া হয়।
তদন্ত শেষে ওই বছরের ৩০ মে এসআই মো.শহীদুল্লাহ আদালতে আব্দুল সাত্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি ।
