মানিকগঞ্জে মন্দিরে চুরি
মানিকগঞ্জে একটি মন্দির থেকে প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার চুরির ঘটনা ঘটেছে।
সদর উপজেলার হিজুলী এলাকায় শিববাড়ী সিদ্বেশ্বরী মন্দিরে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমরেশ কুমার পাল জানান, রাতের কোনো এক সময় চোরেরা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
“পরে সিদ্বেশ্বরী প্রতিমার মাথার চূড়া, স্বর্ণের তিনটি চোখ, রূপার চুড়ি, শিবের চোখ, ত্রিশুল এবং একটি পানির মোটর চুরি করে নিয়ে যায়।”
সকালে মন্দির কর্তৃপক্ষ চুরির ঘটনা জানতে পেরে থানায় খবর দেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি হাবিবুল্লাহ জানান।
