গাজীপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত
গাজীপুরে বাস চাপায় এক রিকশাভ্যান চালকের প্রাণ গেছে।
নগরীর ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুস সালাম জানান।
নিহত তরিফুল ইসলাম (৪০) নীলফামারীর ডোমরা থানার চান্দুখানা এলাকার আশরাফুল ইসলামের ছেলে। নগরীর বাসন সড়ক এলাকায় ভাড়া থাকতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সালাম জানান, সকাল ৬টার দিকে রিকশাভ্যান নিয়ে ভোগড়া বাইপাস মোড় এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তরিফুল রাস্তায় ছিটকে পড়েন।
“পরে বাসটি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তরিফুলের মৃত্যু হয়।”
লাশ উদ্ধার করে নাওজোর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান এসআই।
