সিলেটের ধর্মঘট প্রত্যাহার
সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট দিন না গড়াতেই প্রত্যাহার করা হয়েছে।
‘মাদকসহ’ আটক দুই শ্রমিককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস সমিতি।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে পরিবহন সমিতির নেতাদের সঙ্গে বৈঠক হয়।
“বৈঠকে তারা ধর্মঘট প্রত্যাহার করতে সম্মত হন।”
জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ বলেন, প্রশাসন সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রিপন বলেছিলেন, শুক্রবার রাতে দুই পরিবহন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে। তাদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।
মাইক্রোবাস সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নও।
তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেছিলেন, “শুক্রবার সন্ধ্যায় নগরীর মহাজনপট্টি থেকে মাদকসহ তোরণ মিয়া ও শাহিন আহমদ নামে দুই ট্রাকশ্রমিককে আটক করে ডিবি পুলিশ।
“খবর পেয়ে ট্রাকশ্রমিকরা উপশহরে ডিবি পুলিশ কার্যালয়ে হামলা চালায়। পরে তারা উপশহর এলাকায় বিক্ষোভও করে। এ সময় পুলিশ তাদের সারিয়ে দেয়। পুলিশ হামলা বা ভাংচুর করেনি।”
