২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ দিন ধরে নিখোঁজ সুন্দরগঞ্জের আইয়ুব আলী

গাইবান্ধার এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার স্বজনরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 10:47 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

নিখোঁজ আইয়ুব আলী (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজার শাখার জোনাল ইনচার্জ। সেখানেেএকটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইয়ুব আলীর স্ত্রী শিরিনা বেগম এ কথা জানান। এ সময় আইয়ুব আলীর ছেলে আবু রায়হান ও মেয়ে সুরাইয়া জাহানও উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে শিরিনা বলেন, গত ৭ ফেব্রুয়ারি গাইবান্ধার ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকধারী কয়েকজন লোক ওই ভাড়া বাড়ি থেকে তাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সে সময় স্ত্রী, ছেলে ও মেয়ে সুন্দরগঞ্জের বাড়িতে ছিলেন।

পরবর্তীতে তিনি ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তাদের কাছে খবর পেয়ে সিরাজগঞ্জ গিয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন বলে জানান।

কিন্তু এরপর সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা ডিবি অফিস, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর অফিসে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে শিরিনা জানান।

এ ব্যাপারে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার জন্য গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ডায়েরি না নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মৌখিকভাবে জানানো হবে বলে জানান।

শিরিনা বেগম তার স্বামীর সন্ধানে আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চান।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি শামীম সর্দার জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।