২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানির দাবিতে বাসদের রোড মার্চ

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের রংপুর ও রাজশাহী বিভাগের দুই দিনের রোড মার্চ শেষ হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

লালমনিরহাট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 09:15 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটে এক সমাবেশের মাধ্যমে তাদের বগুড়া থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে এ কর্মসূচি সমাপ্ত হয়।

সমাবেশে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ৩০ মার্চ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে রোড মার্চটি লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারাজ’ এ এসে পৌঁছে। পরে তিস্তা ব্যারাজের পূর্ব প্রান্তে সাধুর বাজার এলাকায় সমাবেশের পর দুদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জয়পুরহাট জেলা বাসদের সভাপতি ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে সমাবেশে  দলটির কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতনসহ রংপুর ও রাজশাহী বিভাগের নেতারা বক্তব্য রাখেন।

বুধবার বগুড়ার সাতমাতায় রোড মার্চের উদ্বোধনী সমাবেশ হয়। সেখান থেকে রোড মার্চটি মহাস্থানগড়, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট, রংপুর, পীরগঞ্জ, শঠিবাড়ি, মিঠাপুকুরসহ বিভিন্ন স্থানে পথসভা-সমাবেশ শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মডার্ন মোড়ে সমাবেশ করে।

বৃহস্পতিবার সকালে রংপুর থেকে তিস্তা অভিমুখে যাত্রা শুরু করে। তিস্তা ব্যারাজ যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালের দিকে নীলফামারীর জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এক সমাবেশ করে।

বাসদের রংপুর বিভাগীয় আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জিরো পয়েন্ট মোড়ের সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, নিথিল চন্দ্র, জয়নাল আবেদীন মুকুল, গোলাম রব্বানী, দেবাশীষ রায়, আব্দুল মুমিন প্রমুখ।

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাসদ নেতারা।