২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে নিখোঁজ সিরাজের সন্ধান চান তার মা

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশ পরিচয়ে চারদিন আগে সিরাজুল ইসলাম সিরাজ নামে এক যুবককে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

বুধবার বিকালে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিরাজের মা শেফালী বেগম এ অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সিরাজুল ইসলাম সিরাজের বাড়ি (২৮) উপজেলা সদরের চকপাড়া গ্রামে।

শেফালী বেগম বলেন, “গত ১২ ফেব্রুয়ারি পলাশবাড়ী থানার এসআই কৃষ্ণসহ সাদা পোশাকের পুলিশ কয়েকজন সদস্য সিরাজকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন সোমবার থানায় গিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম তা নিতে অস্বীকৃতি জানান।”

ছেলেকে প্রচলিত আইন অনুযায়ী আদালতে হাজির করার দাবি জানিয়ে তিনি বলেন, “সিরাজুলের যদি কোনো ক্ষতি হয়, সে দায়ভার সরকারকেই নিতে হবে।” 

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, পুলিশ কাউকে তুলে নিয়ে যায়নি। এ নিয়ে কেউ থানায় ডায়েরি করতে আসেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজের স্ত্রী দৌলতুন্নাহার বেগম, ভাই নুহু মিয়া ও শ্যালিকা রাবেয়া বেগম প্রমুখ।