স্ত্রীকে ‘হত্যা’, স্বামীর ‘আত্মহত্যা’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে জালালের বাগিতে দুজনের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন জালাল শেখ (৩৫) ও তার স্ত্রী অমেলা বেগম ওরফে পাখি (২৩)। মৃত জালাল ওই গ্রামের খাজা শেখের ছেলে এবং পেশায় অটোভ্যান চালক। তাদের ছয়মাস বয়সী এক ছেলে রয়েছে।
‘পাখিকে হত্যার পর’ জালাল ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ ধারণা করছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে জালালের সঙ্গে একই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের তেঘড়া গ্রামের আব্দুস সোবহানের মেয়ে পাখির বিয়ে হয়।
ওসি বলেন, শনিবার বিকালে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় বলে বাড়ির লোকজন জানান।
বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি আরও জানান, রোববার ভোরে তাদের ঘর থেকে ছেলের অবিরাম কান্নাকাটি শুনে জালালের মা-বাবা ও প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় ভেঙ্গে বেতরে ঢোকেন তারা।
“সেখানে ঘরের মেঝেতে পাখির লাশ এবং একই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় জালাল মিয়ার লাশ দেখেন।”
ওসি বলেন, পাখি বেগমের গলার জখমে হাতের আঙুলের চিহ্ন দেখা গেছে। এ কারণে ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময়ে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তাদের মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। এনিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
তাদের ছেলে আবু জাফরকে (৬ মাস) দাদা-দাদীর জিম্মায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
