হত্যার হুমকির অভিযোগ, এসআইয়ের বিরুদ্ধে মামলা
এনকাউন্টারে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে বরিশালে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন রিপন মৃধা।
তিনি বরিশাল নগরীর রূপাতলী গ্যাস্টারবাইন এলাকার বাসিন্দা।
বিচারক মো. আলী হোসাইন অভিযোগটি আমলে নিয়ে মহানগর হাকিম মো. আনিসুর রহমানকে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি এসআই মো. মহিউদ্দিন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় কর্মরত রয়েছেন।
এসআই মহিউদ্দিন ছাড়াও মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী শাখাওয়াত হোসেন জানান।
মামলার অভিযোগে বলা হয়, মামলার দুই সাক্ষী আফজাল হোসেন ও রিপন আকন এবং বাদীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এসআই মহিউদ্দিন।
টাকা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে এসআই মহিউদ্দিন তাদেরকে ‘এনকাউন্টারে হত্যার হুমকি’ দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এরপরও দাবিকৃত টাকা না পেয়ে গত বছরের অক্টোবরে তাদের থানায় ধরে নিয়ে নির্যাতন চালানো হয়। পরে সাজানো মামলায় তাদের জড়িয়ে কারাগারে পাঠানো হয় বলে মামলার অভিযোগ।
পরে বাদী জামিনে মুক্ত হন।
এ ব্যাপারে জানতে এসআই মো. মহিউদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
