টেকনাফে ‘গোলাগুলির পর’ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ‘দুই দল ইয়াবা পাচারকারীর মধ্যে গোলাগুলির পর’ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, বুধবার সকাল ৬টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুলতান আহমদ ওরফে চামড়া বাদশা (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়ার অসিউর রহমানের ছেলে।
ওসি মজিদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার ভোরে স্থলবন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
“পরে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।”
নিহতের হাত থেকে একটি দেশি বন্দুক ও ঘটনাস্থল থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে, ইয়াবার লেনদেন নিয়ে দুই দল পাচারকারীর মধ্যে গোলাগুলির ঘটনায় এই যুবকের মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
