২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নেতা কামারুজ্জামানের স্ত্রী জাহানারার দাফন

মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের দাফন সম্পন্ন হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 07:41 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

মঙ্গলবার দুপুরে শহরের শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কাদিরগঞ্জ পারিবারিক গোরস্থানে কামারুজ্জামানের কববের পাশে তাকে দাফন করা হয়।

বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টরে করে রাজশাহীতে আনা হয় জাহানারা জামানের মরদেহ। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উপ শহরে তার বড় ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনের বাস ভবনে। সেখান থেকে নেওয়া হয় কাদিরগঞ্জের নিজ বাড়িতে; যেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়।

কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (বরখাস্ত) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী চেম্বর অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রোববার রাতে ঢাকার গুলশানে নিজ বাসায় মারা যান জাহানারা। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জাহানারা-কামারুজ্জামানের ছয় সন্তানের মধ্যে এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি।