ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা
ময়মনসিংহের ত্রিশালে এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাগান মধ্যপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান।
নিহত শরিফুল ইসলাম (১৮) ওই গ্রামের সামছুদ্দিনের ছেলে। তিনি বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ওসি মনিরুজ্জামান বলেন, সকালে কলা বাগানে গলাকাটা অবস্থায় শরিফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
“সোমবার রাতের কোনো এক সময় শরিফুলকে গলা কেটে হত্যা করার পর কলা বাগানে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি।”
শরিফুলের বড় ভাই বাবুল মিয়া বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে স্থানীয় আলামিনসহ কয়েকজনের সঙ্গে শরিফুলের দ্বন্দ্ব হয়।
দ্বন্দ্বের জেরেই তাকে খুন করা হয়েছে বলে দাবি করছেন বাবুল।
