মেয়েকে উত্ত্যক্তের নালিশে বাবার জরিমানা
বগুড়ার উত্ত্যক্তের নালিশে বখাটেকে দণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাবাকেও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ধুনট উপজেলার গোসাইবাড়ি হাটে এ ঘটনা ঘটে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম জানান, উত্ত্যক্তকারী এনামূল হককে ছয়মাসে কারাদণ্ড এবং মেয়েকে প্রশ্রয় দেয়ার অভিযোগে মেয়ের বাবাকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।
এনামূল গোসাইবাড়ি এলাকার মুক্তার হকের ছেলে।
গোসাইবাড়ি কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাবা বলেন, রোববারে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোসাইবাড়ি হাটের মধ্যে লোকজনের সামনে এলাকার এনামূল হক (২০) তার মেয়েকে মারধর করে। এ সময় স্থানীয় হাটের লোকজন তাকে উদ্ধার করে। পরে এনামূল হুমকি দেয় প্রেম না করলে তাকে স্কুলে যাতায়াত বন্ধ করে দিবে।
ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিতে আসেন বলে জানান।
তিনি জানান, থানায় গেলে ওসি মো. মিজানুর রহমান তার অভিযোগ জানার পর এনামূলকে গ্রেপ্তারের জন্য উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে নির্দেশ দিয়ে থানার বাইরে চলে যান। পরে এনামূলকে গ্রেপ্তার করে আনেন এসআই আনোয়ার।
“ওই সময় এসআই আনোয়ার আমাকে ও আমার মেয়েকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বলেন ‘তোর মেয়ে খারাপ’।”
সেখানে থাকা স্থানীয় সাংবাদিকরা তার কথার প্রতিবাদ করলে তিনি তাদের উপর ক্ষুব্ধ হন বলে জানান তিনি।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যান।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এএসএম জিয়াউল আলম বলেন, “আমার মনে হয় এসআই আনোয়ার হোসেন ইউএনওকে ভুল তথ্য দেওয়ার কারণে ছাত্রীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এটা দুঃখজনক।”
“স্কুলছাত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের কথা ওসিকে জানালে তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।”
