২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির ‘রাজীব গান্ধী’ ১৫ দিনের রিমান্ডে

গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে ‘রাজীব গান্ধীকে’ দুই মামলায় মোট ১৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 03:15 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের দুই বিচারক সোমবার পুলিশের আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

এর মধ্যে বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণের মামলায় আট দিন এবং শিবগঞ্জের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এ জেএমবি নেতাকে।

বগুড়ার আদালত পরিদর্শক শাজাহান আলী জানান, দু্ই মামলাতেই ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

শুনানি শেষে জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন বোমা বিস্ফোরণের মামলায় আসামিকে আট দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক মোহাম্মদ কামরুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়ার গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ২০১৬ সালের ৩ এপ্রিল শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামের একটি বাড়িতে জেএমবির ‘বোমা তৈরির কারখানায়’ বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন। পরে ওই ঘটনায় মামলা করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বিস্ফোরণের এ মামলার তদন্ত করতে গিয়ে গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনাতেও রাজীব গান্ধীর সম্পৃক্ততার তথ‌্য পান তারা।

আর সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি করা হয় ২০১৬ সালের ১৩ জুন। এজাহারে বলা হয়, জেএমবি সদস্যরা নাশকতার প্রস্তুতি নিতে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর এলাকায় বৈঠকে বসলে পুলিশ সেখানে অভিযানে যায়। সে সময় কয়েকজন ধরা পড়লেও রাজীব গান্ধী পালিয়ে যান।  

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজু কামাল জানান, ঘটনার দিন যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা নাশকতার জন‌্য রাজীব গন্ধীর নেতৃত্বে বৈঠক করার কথা স্বীকার করেছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পশ্চিম রাঘবপুর গ্রামের ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে গত ১৪ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ‌্য, এই জাহাঙ্গীর উত্তরাঞ্চলে সব কটি জঙ্গি হামলায় নেতৃত্ব দাতা। রাজীব গান্ধী ছাড়াও সুভাস, শান্ত, টাইগার, আদিল, জাহিদসহ বিভিন্ন ছদ্ম নাম নিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিত‌্যরঞ্জন পাণ্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক সানাউর হত্যা, পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাসহ ২২টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে আসামি করেছে পুলিশ।  

তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, নব‌্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর সংগঠনটির উত্তরবঙ্গের সামরিক শাখার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

“তামিম চৌধুরী ও নুরুল ইসলাম মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”

গুলশান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলাতেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পুরনো খবর:

 ‘রাজিব গান্ধী’র জঙ্গিযোগে ‘বাড়ি ছেড়ে যান’ ভাই
গ্রেপ্তার ‘রাজীব গান্ধী’র কাছে মিলবে তথ‌্য, আশায় পুলিশ