ঝালকাঠিতে কলেজছাত্রকে গলা কেটে ‘হত্যার’ চেষ্টা
ঝালকাঠির জেলার কাঁঠালিয়া উপজেলায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় আইনল বুনিয়া গ্রামে এ হামলা হয় বলে তার বাবা কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আইব আলী জানিয়েছেন।
মো. নাসিম হোসেন (১৮) নামের ওই ছাত্রকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
নাসিম কাঁঠালিয়ার তফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
আইব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সন্ধ্যায় উপজেলার আইনল বুনিয়া গ্রামে বাড়ি ফেরার পথে এলাকার প্রতিপক্ষের কয়েকজন যুবক আমার ছেলের পথরোধ করে। এরপর তারা নাসিমের গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে।”
এ সময় ছেলের চিৎকারে এলাকাবাসী ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় একজনের নাম উল্রেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আইব আলী।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মানষ কৃষ্ণ কুন্ড সাংবাদিকদের জানান, “ছেলেটির গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী শংকামুক্ত।”
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি মো. জাহিদ হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
