২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন; আহত হন আরও তিন জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 12:22 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম।

নিহত এনামুল হক (৩৭) চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই হাসেম সাংবাদিকদের জানান, এনামুল হক ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষে মাইক্রেবাসে করে কর্মস্থলে চট্টগ্রাম ফিরছিলেন।

“সকালে ৯টার দিকে ইনানী রিসোর্ট এলাকায় চট্টগ্রামগামী মাইক্রোবাসটির সঙ্গে কক্সবাজারমুখী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকের পাশে বসা এনামুল নিহত হন।”

এসআই হাসেম জানান, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান হাসেম।