নিহত সাংবাদিক শিমুলের নানির মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের শোকাভিভুত বৃদ্ধা নানিও মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার মাতনা গ্রামে নিজ বাড়িতে রোকেয়া বেগমের (৯০) মৃত্যু হয়।
রোকেয়া ওই গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী।
শিমুলের খালাত ভাই হারুন অর রশীদ জানান, শিমুল ছোটবেলা থেকেই নানির কাছে থাকতেন। লেখাপড়াও নানির কাছে থেকে করেছেন।
“নাতির মৃত্যু সংবাদ শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তার মৃত্যু হয়।”
শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে নানি ও নাতির জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হবে বলে জানান হারুন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিম ও ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদ এবং মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
ওই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
