২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে শিক্ষার্থীদের উপর হাঁটার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিঠের উপর ওই স্কুলের জমিদাতার হাঁটার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার মানুষ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 04:25 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

পুরনো খবর:

মেলান্দহে শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় মামলা

ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে এ মানববন্ধরের আয়োজন করে জেলা শিশু সুরক্ষা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, পরিবেশ রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।

মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত রোববার জমিদাতা দিলদার হোসেন প্রিন্স সারিবদ্ধভাবে দাঁড়ানো শিক্ষার্থীদের উপর দিয়ে হেঁটে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিনন্দার ঝড় ওঠে।

শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, ভাষা সৈনিক কয়েস উদ্দীন, জেলা জাসদের সভাপতি আমির উদ্দীন, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মোস্তফা বাবুল, আনোয়ার হোসেন মিন্টু, বজলুর রহমান, আনোয়ার হোসেন মুক্তা, আজিজুর রহমান চৌধুরী, কবি সাযযাদ আনসারী, শিশু অধিকারকর্মী মাহফুজুর রহমান, নজরুল ইসলাম মোহন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসন ও মেলান্দহ উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

এছাড়া মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে দিলদার হোসেন প্রিন্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসালত জামান, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমাসহ চার জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

গত রোববার ও সোমবার যথাক্রমে জামালপুর ও চাঁদপুরে একই ধরনের দটি ঘটনায় দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।

এ ঘটনায়  নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের।