২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোয় আগুন, নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও সাতজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 02:11 AM

Updated : 19 Aug 2022, 03:40 PM

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - চাঁদপুরের কুমারডাঙ্গা উপজেলার চাতলী এলাকার মুবিন মিয়া ওরফে মনু মিয়ার স্ত্রী মাফিয়া বেগম (৫৪), তার নাতি ইয়ামিন (৫) ও মাইক্রোচালক মোহাম্মদ আরিফ।

অগ্নিদগ্ধরা হলেন - শাহিনুর আক্তার (৩৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪) হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (২৪)।

হতাহতরা একই পরিবারের সদস্য। তাদের পৈত্রিক বাড়ি চাঁদপুর হলেও তারা ঢাকার আজিমপুরে বসবাস করতেন। ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

পরিদর্শক কামরুল বলেন, বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার হারবাং এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসে আগুন ধরে যায়।

“পুলিশ গিয়ে অগ্নিদগ্ধদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তারা মাইক্রোবাসের যাত্রী।”

ঘটনার পর দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ।