২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর দিয়ে স্কুলের জমিদাতার হেঁটে যাওয়া তদন্তে ২ কমিটি

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি স্কুলের শিক্ষার্থীদের ওপর দিয়ে জমিদাতার হেঁটে যাওয়ার ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 06:11 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন পৃথক এ তদন্ত কমিটি গঠন করে।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান ও সমাজ সেবক আতিকুর রহমান ছানা।

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা তদন্তে উপজেলা প্রশাসনও তিন সদস্যের কমিটি করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল।

তিনি বলেন, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানকে নিয়ে ওই কমিটি করা হয়েছে।।

কমিটি বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু করেছে বলে জানান তিনি।

গত ২৯ জানুয়ারি উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি মানব সেতু নির্মাণ করে। ওই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স। তাকে হেঁটে যেতে সহায়তা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান।

শিক্ষার্থীদের ওপর দিয়ে দিলদার হুসেন প্রিন্সের হেঁটে যাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

তবে স্কুলে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না তা জানেন না দাবি করে প্রধান শিক্ষক মো. আসালত জামান বলেন, “ওই দিন বিদ্যালয়ে দুইটি অনুষ্ঠান একসঙ্গে চলছিল। তাই এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কিনা জানা নেই।

“তবে স্কাউট সদস্যরা সেদিন তাদের বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করে, সেটার অংশ হিসেবে তাদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে দিলদার হুসেন প্রিন্স হেঁটে গেলেও আমার নজরে আসেনি।”

পুরনো খবর:

মেলান্দহে ছাত্রদের কাঁধের চড়লেন স্কুলের জমিদাতা