রাজশাহীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন
রাজশাহী নগরী এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।
আহত আসাদুজ্জামান রোকনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াপুকুর এলাকার আবদুর রশিদের ছেলে রোকন নগরীর একটি গয়নার দোকানের কারিগর।
অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার রোকনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসদের বরাত দিয়ে জানিয়েছেন ওসি শাহাদত।
ওসি বলেন, দুপুর ১২টার দিকে বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে দুর্বৃত্তরা চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাথাড়ি কুপিয়ে রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রোকনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তবে রোকনের ছোট ভাই ফিরোজ কবীর বলেন, “এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে ভাইয়ের আগে থেকেই বিরোধ ছিল। এর জেরে তারা এ হামলা চালিয়েছে।”
তবে কী নিয়ে বিরোধ তা জানাতে পারেননি ফিরোজ।
