কুষ্টিয়ায় সেই যুবলীগকর্মীর অস্ত্রের লাইসেন্স বাতিল
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণকারী যুবলীগকর্মী আব্দুল সালামের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকালে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট জহির রায়হান অস্ত্রের লাইসেন্স বাতিলের আদেশ দেন।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে পুলিশের বিশেষ শাখা থেকে লাইসেন্স বাতিলের সুপারিশ ছিল।
তবে এর আগেই সালামের শটগান পুলিশ জব্দ করে। গুলি বর্ষণের মামলায় বর্তমানে আব্দুল সালাম কারাগারে রয়েছেন।
সালাম এলাকায় ইউনিয়ন যুবলীগ নেতা হিসেবে পরিচিত হলেও কমিটিতে তার কোনো পদ নেই।
গত ২২ জানুয়ারি সন্ধ্যায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে স্থানীয় যুবলীগ নেতা আব্দুল সালাম রাস্তা নির্মাণ নিয়ে সৃষ্ট দ্বন্দের জেরে লাইসেন্স করা শটগান দিয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালান।
