শাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আলমগীর কবির জানান ।
আহত ব্যবসায় প্রশাসন বিভাগের যুগল সূত্রধর, সমাজ বিজ্ঞান বিভাগের নজরুল ও খলিলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আলমগীর বলেন, সন্ধ্যায় ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) ক্রিকেট খেলা চলছিল।
“এ সময় আইপিই বিভাগের শিক্ষার্থীরা বিবিএ বিভাগের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে সংঘর্ষ শুরু হয়। এতে আট ছাত্র আহত হন।”
ঘটনার থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
