কালিহাতী উপনির্বাচনে আ. লীগের হাসান ইমাম জয়ী
আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হাসান ইমাম খান জয়লাভ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে হাসান ইমাম এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
অপর দুই প্রার্থীর মধ্যে এনপিপির ইমরুল কায়েস আম প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট এবং বিএনএফের আতোয়ার রহমান খান টেলিভিশন প্রতীকে পেয়েছেন এক হাজার ৩২ ভোট।
সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১০৭টি কেন্দ্রের মধ্যে ১০৬টিতে ভোটগ্রহণ হয়। একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে আগের রাতে বাক্সে ব্যালট ভরতি করার কারণে।
বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ভোটকেন্দ্রে উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
নবনির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন কালিহাতী আসনটি শূন্য ছিল। অনেক কিছু থেকেই কালিহাতীবাসী বঞ্চিত ছিল।
নবীন প্রবীণের সমন্বয়ে কালিহাতীতে একটি আধুনিক, উন্নত ও ডিজিটাল উপজেলায় গড়ে তোলার কথা বলেন তিনি।
হাসান ইমামের বাড়ি কালিহাতীর পাইকড়া ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। তিনি টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজ এবং সা’দত কলেজের ছাত্র সংসদের ভিপি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
২০০৯-২০১৪ মেয়াদে তিনি কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এদিকে, এনপিপি’র প্রার্থী ইমরুল কায়েস বলেন, “আমি কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখেছি সরকার দলীয় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কর্মীরা জাল ভোট দিচ্ছে। তাই আমি টাঙ্গাইলের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।”
জেলা নির্বাচন কর্মকর্তা ও কালিহাতী উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের অভিযোগে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সকাল সাড়ে দশটায় ভোট গ্রহন বন্ধ করা হয়।
কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫ জন।
হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এ আসনটি শূন্য হয়।
নির্বাচনী তফশিল ঘোষণার পর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপীর কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।
