গাজীপুরে পোশাক শ্রমিক হত্যায় ‘প্রেমিকের’ মৃত্যুদণ্ড
গাজীপুরে ১৮ বছর আগে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে কথিত প্রেমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম ওরফে কালু (৬৫) গাজীপুর সিটি করপোরেশনের চানপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
একইসঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
তাছাড়া হত্যার পর লাশ গুম করায় আদালত কালুকে সাত বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছে বলে জানান অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে আইনজীবী আতাউর জানান, পোশাক শ্রমিক করিমন নেছার সঙ্গে কালুর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় করিমনের সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। পরকীয়ার সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ১৯৯৯ সালের ১২ জানুয়ারি করিমন রাগ করে ভোগড়া এলাকায় বোনের বাড়িতে যান।
“সেখান থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নিখোঁজ হন করিমন। নিখোঁজের পর ২৫ জানুয়ারি বাড়ির পাশের একটি পুকুরে স্বজনরা করিমনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”
এ ব্যাপারে ওই দিনই নিহতের বড় ভাই সফিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৪ সালের ৩ জুন চারজনকে আসামি করে আদালত অভিযোগপত্র দেয় পুলিশ।
