২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফিরে গেল রাখাইন প্রতিনিধি দল

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফিরে গেছে মিয়ানমার সরকারের রাখাইন বিষয়ক পরামর্শক কমিশনের সদস‌্যরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 09:08 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

দুদিনের সফরের শেষ দিন সোমবার উখিয়ার কুতুপারংয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন কমিশনের তিন সদস্য

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বিকালে একটি বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় প্রতিনিধি দল।

সকাল পৌনে ১০টার দিকে তারা নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। সেখানে ঘণ্টাব্যাপী বৈঠকে শিবিরের ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের তিন সদস্য ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকী বিল্লাহ, জেলা প্রশাসনের প্রতিনিধি, ইউএনএইচসিআর ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ৪০ নারী, ১২ শিশু এবং ১৮ জন পুরুষ কথা বলেন।

নির্যাতনের শিকার রোহিঙ্গা মোহাম্মদ ইউনুছ (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাখাইন কমিশনের প্রতিনিধিরা মিয়ানমারে আমাদের উপর কী ধরনের নির্যাতন চালিয়েছে তার বর্ণনা জানতে চেয়েছে। আমি সেখানকার নির্যাতনের চিত্র এবং পরিস্থিতি কমিশন সদস্যদের কাছে বলেছি।”

চেমন আরা (৩০) নামে এক নারী বলেন, “আমাকে ধরে নিয়ে যাওয়ার পর টানা পাঁচ বার মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ধর্ষণের শিকার হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছি। ধর্ষণের এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে তারা আমাকে ছেড়ে দেয়। এ ঘটনা প্রকাশ করায় আমার উপর দ্বিতীয়বার নির্যাতন চালানো হয়।”

একইসঙ্গে কীভাবে বাংলাদেশে এসেছেন তাও প্রতিনিধি দলের সদস্যদের কাছে তুলে ধরেছেন বলে জানান এ রোহিঙ্গা নারী।

কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে। সেখানে জেলা প্রশাসক মো. আলী হোসেন ছাড়াও পুলিশ ও বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি একটি বিশেষ বিমানে কক্সবাজার ত্যাগ করেন।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বৈঠকে প্রতিনিধি দল সীমান্ত সুরক্ষা, রোহিঙ্গাদের বর্তমান অবস্থান ও পরিস্থিতিসহ নানা বিষয়ে আলাপ করেছে। প্রতিনিধি দলের সদস্যরা এসব সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে প্রতিবেদনে সুপারিশ তুলে ধরবেন জানিয়েছেন।

রোববার রাখাইন কমিশনের (আনান কমিশন নামে সমধিক পরিচিত) তিন সদেস্যের প্রতিনিধি দল প্রথমে উখিয়ার বালুখালীর গহীন পাহাড়ি এলাকায় নতুন করে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থী শিবির এবং পরে টেকনাফের লেদা ও নয়াপাড়ার শিবির পরিদর্শন করে।

প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান উইন ম্রা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক ঘাশান সালামে ও রিলিজিয়াস ফর পিস ইন মিয়ানমারের প্রতিষ্ঠাতা আই লিন। শনিবার তারা ঢাকা পৌঁছান।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৯ অক্টোবর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জাতিগোগোষ্ঠীর অন্তত ৬৬ হাজারের বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।