২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানমালের নিরাপত্তায় সরকার ব্যর্থ: এরশাদ

বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 08:29 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

সোমবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক জনসভায় তিনি বলেন, “এ আসনের (সুন্দরগঞ্জ) সংসদ সদস্য লিটন হত্যা বড়ই দুঃখজনক। একজন সংসদ সদস্য হত্যা এটাই প্রমাণ করে মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ।”

লিটন হত্যার ঘটনায় কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি সরকারের গুরুত্ব সহকারে দেখা দরকার বলে তিনি মনে করেন।

“দেশের মানুষ আজ জীবনের নিরাপত্তা চায়, শান্তিতে ঘুমাতে চায়। কে কখন খুন হবে এ আতঙ্কে দিন কাটছে এখন মানুষের।”

জাতীয় পার্টির আমলে কোনো মানুষ হত্যা হয়নি। কোনো ধরনের গুম হয়নি; কিন্তু এখন মানুষ একের পর এক হত্যা ও গুমের শিকার হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।  

শিশু ও মেয়েরা নিরাপদ নয় দাবি করে তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মানুষ শান্তি পাবে। আমরা এ লক্ষ্যে কাজ করে চলছি।”

“একমাত্র জাতীয় পার্টি গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের মানুষের সুখ-শান্তি নিশ্চিত করতে পারে” দাবি করে এরশাদ বলেন, “আমার আমলে জেলা করেছি, উপজেলা করেছি, দেশের উন্নয়ন করেছি, মানুষ হত্যা করিনি; যার কারণে দেশবাসী আমাকে আজও ভোলেনি। আমরা এই আসনের উপ-নির্বাচন থেকে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু করতে চাই।”

বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এ জনসভায় এরশাদ প্রধান অতিথি ছিলেন।

গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীদের গুলিতে নিহত হন। আগামী মার্চে এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ার সময় এরশাদ তার পাশে থাকা জাপা চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ও দলের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি শামীম হায়দার পাটোয়ারীর হাত ধরে আসন্ন উপ-নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

“এই যুবক সবসময় গণমানুষের কথা বলেন। তাই তাকে মনোনয়ন দিয়ে জাপার ঘাঁটি সুন্দরগঞ্জ থেকে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু করতে চাই।”

এজন্য দলীয় নেতাকর্মীসহ জনসাধারণকে ভোট দিয়ে শামীম পাটেয়ারীকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

জাতীয় পার্টির নেতা গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার সভাপতিত্বে জনসভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য আবদুর রশিদ সরকার, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

এর আগে দুপুরে এরশাদ রংপুর থেকে সড়ক পথে শামীম হায়দার পাটোয়ারীর গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের ফলগাছা গ্রামের আসেন। সেখানে মধ্যহ্ন ভোজ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন।