২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইন কমিশনের প্রতিনিধিরা কুতুপালংয়ে

মিয়ানমার সরকারের রাখাইনবিষয়ক পরামর্শক কমিশনের তিন সদস‌্য রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি পরিদর্শনের দ্বিতীয় দিনে উখিয়ার কুতুপালং শিবিরের খোঁজখবর নিচ্ছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 11:52 AM

Updated : 11 Oct 2022, 01:24 PM

সোমবার সকাল পৌনে ১০টার দিকে প্রতিনিধি দলটির সদস্যরা কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছান বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার সৈকত বিশ্বাস।

এর আগে রোববার সকালে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালীতে নতুন করে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সে সময় বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা প্রতিনিধি দলটির কাছে তাদের ওপর দমন-পীড়নের বর্ণনা দেন।

প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান উইন ম্রা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক ঘাশান সালামে ও রিলিজিয়াস ফর পিস ইন মিয়ানমারের প্রতিষ্ঠাতা আই লিন। শনিবার তারা ঢাকা পৌঁছান।

অভিবাসন কর্মকর্তা সৈকত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুপালংয়ে প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকী বিল্লাহ, ইউএনএইচসিআর ও আইওএমর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কক্সবাজার শহরে ফিরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে করবেন। বিকালে বিমানে ঢাকার উদ্দেশে রওনার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য অনুযায়ী, গত অক্টোবরে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের পর আসা ৬৫ হাজারসহ চার লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে।

কয়েক দশক ধরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ বিভিন্ন সময়ে আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। এই মুসলিম জনগোষ্ঠীর নাগরিকত্ব অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজতে গত বছর এই কমিশন গঠন করে মিয়ানমার সরকার। নয় সদস‌্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

মিয়ানমারের ছয়জন এবং তিনজন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই কমিশন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির মাধ‌্যমে দেশটির সরকারের কাছে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জমা দেবে।